চিরকুটে স্ত্রী-শ্যালককে দায়
এইচ আর হীরা, বরিশাল :
বরিশালে সাবেক স্ত্রীর ভয়ভীতি ও মামলায় জড়ানোর আশঙ্কায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. রমজান (২৫)।
তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা এবং বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের সার্ক টেইলার্সে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রমজানের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
” ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে রমজান তার মৃত্যুর জন্য সাবেক স্ত্রী ও তার ভাইকে দায়ী করে গেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার জানান, “প্রায় চার মাস ধরে রমজান আমার কারখানায় কাজ করছিলেন। তিনি একাই ওই রুমে থাকতেন। কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
” তিনি আরও বলেন, “রমজান প্রায়ই বলতেন তার সাবেক স্ত্রী ও শ্যালক তাকে মামলায় জড়ানোসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে। কয়েকদিন আগে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও বলেছিলেন।”
পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের ধারণা, মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব থেকেই রমজান চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply