খবর বরিশাল ডেস্ক :
দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
প্রকাশিত তালিকায় দেখা যায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি পাঁচটি আসন এখনও ‘অপেক্ষমাণ’। দলীয় সূত্র বলছে, ঐক্যজোটের শরিকদের জন্যই এ আসনগুলো সংরক্ষিত রাখা হয়েছে। ফলে ওই আসনগুলোতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নাম উঠে আসছে আলোচনায়।
ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত বরিশাল জেলায় এবার বিএনপি পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে চারটিতে পুরনো মুখ এবং একটি আসনে তরুণ নেতৃত্বকে জায়গা দিয়েছে দলটি। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে নতুন চমক হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি রাজিব আহসান। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মাঠে সক্রিয় এই তরুণ নেতা বারবার গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হয়েও রাজনীতি চালিয়ে গেছেন।
গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে প্রার্থী হয়েছেন দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
দলীয় রাজনীতিতে তিনি দীর্ঘ সময় ধরে মিডিয়া সেল ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
উজিরপুর-বানারীপাড়া আসনে এবার লড়বেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় জড়িয়ে বিদেশে অবস্থান করা এই নেতা ফের নির্বাচনী রাজনীতিতে ফিরছেন। তিনি দৃষ্টিনন্দন ‘বায়তুল আমান জামে মসজিদ’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও সুপরিচিত।
বরিশাল-৫ (সিটি ও সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক চিফ হুইপ মজিবর রহমান সরোয়ার। ২০০৮ সালের নির্বাচনে বরিশালের একমাত্র বিএনপি বিজয়ী প্রার্থী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় সরোয়ার বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে। এই মনোনয়ন সেই যাত্রার নতুন অধ্যায়।”
বাকেরগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। আন্দোলনের সময় তিনি একাধিকবার গ্রেপ্তার হন। দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক পুনর্গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
মুলাদী-বাবুগঞ্জ আসনে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। দলীয় সূত্রে জানা গেছে, জোটের শরিক এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের জন্য আসনটি ছেড়ে দেওয়ার আলোচনা চলছে।
এইবারের ঘোষণায় বরিশাল ও ভোলার দুই আসনে বিএনপি তরুণ প্রার্থী দিয়েছে, আর ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পেয়েছেন একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রার্থী হয়েছেন, যা তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পটুয়াখালী-১ আসনে প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী,
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে এবিএম মোশাররফ হোসেন, বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লা, আর পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই বরিশাল ও আশপাশের জেলাগুলোর বিএনপি কার্যালয়গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের অনুসারীরা মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা করে আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় নেতারা বলছেন, “দল এবার ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত প্রার্থী নির্বাচন করেছে।”
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বরিশাল বিভাগে বিএনপির এই তালিকা অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে সাজানো হয়েছে। এতে আঞ্চলিকভাবে সংগঠন আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জোটের শরিকদের জন্য অপেক্ষমাণ আসনগুলো মাঠের রাজনীতিতে কৌশলগত প্রভাব ফেলতে পারে বলেও তারা মনে করছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply