খবর বরিশাল ডেস্ক :
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কলোনির কথাকলি শিশু সুরক্ষা কমিউনিটি হাবে এ আয়োজন করে পিভিএইচপি প্রকল্প, যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এবং ইউনিসেফ সহযোগিতা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, আইন ও বিচার বিভাগের এসএআরসি প্রকল্পের কনসালটেন্ট জুলহাস মোল্লা, পিভিএইচপি প্রকল্পের শিশু অধিকার কর্মকর্তা মিরাজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার শিশু সুরক্ষা পুলিশ কর্মকর্তা এএসআই রুমানা পারভীন, তথ্য আপা কর্মকর্তা, সিএসপিবি প্রকল্পের শিশু সুরক্ষা কর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর, ইমাম এবং সাধারণ নারী, পুরুষ ও শিশুরা।
বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যম ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণকেও তারা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মসজিদের ইমাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন। তিনি পরিবার ও সমাজে সহিংসতা প্রতিরোধে সকলে ভূমিকা রাখার আহ্বান জানান।
এএসআই রুমানা পারভীন জানান, নারী ও শিশু সুরক্ষায় পুলিশ বিশেষ সেল, ৯৯৯ হেল্পলাইন এবং নারী–শিশু সহায়তা ডেস্কের মাধ্যমে দ্রুত সেবা প্রদান করছে। ডিজিটাল অপরাধ ও অনলাইন হয়রানির অভিযোগও অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
পিভিএইচপি প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু অধিকার সচেতনতা, সহিংসতা প্রতিরোধ ও সহায়তা সেবা জোরদারে কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply