বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাফিন তালুকদার ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, অসুস্থ মাকে দেখতে তিনি বাড়িতে এসেছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, রাফিনের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে উল্লেখ করে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পরিবার।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply