বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৯

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

দেশের আটটি শহরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বিইউকে) চেয়ারম্যান পদে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বরিশালের জন্য চার নেতার নাম সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব আকারে পাঠানো হলেও শীর্ষ পর্যায়ের চাপ ও মতভেদের কারণে নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে চেয়ারম্যান পদকে ঘিরে স্থানীয় পর্যায়ের অন্তত আধা ডজন নেতা সক্রিয় রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নির্বাহী সদস্য এবায়দুল হক চান, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন এবং নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদের নাম আলোচনায় রয়েছে।

গত ২২ জানুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’ জারি করার পর থেকেই চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট পদকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, নগরের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য এমন একজন চেয়ারম্যান প্রয়োজন, যিনি বরিশালের মানুষ, সংস্কৃতি ও সমস্যাগুলো ভালোভাবে জানেন।

অন্যদিকে বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তিনি কোনো পদ-পদবির প্রত্যাশী নন। তবে সরকার দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।

সম্প্রতি ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় নগরের অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ও খেলার মাঠ রক্ষা, পরিকল্পিত বাস টার্মিনাল, উদ্যান, ওভারব্রিজ নির্মাণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, পরিকল্পিত নগর গঠনে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন চেয়ারম্যান নিয়োগের আহ্বান জানান, যিনি বরিশালের পরিবেশ, জলাশয় ও খেলার মাঠ রক্ষায় অগ্রাধিকার দেবেন।

বাসদ বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, বরিশালবাসীর স্বার্থে দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া উচিত।

এদিকে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি আব্দুর রশিদ নিলু বলেন, উন্নয়ন সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রয়েছে—এমন একজন ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন। অতীতের বিতর্কিত সিদ্ধান্তের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করে সরকার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net