নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (২০ জুন) বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় হাতেম আলী কলেজের সামনে ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক অংশগ্রহণের বিকল্প নেই। নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একজন নারী স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়।
তিনি ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা নিজেদের উদ্যোগ গড়ে তুলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সংগঠনের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা, উদ্যোক্তা রুমা পারভীন, সাবরিনা, অধরা মিস্টি, রাইসা, মিরা দাস, বেবী ঘোষ, উম্মে হানি, তহমিনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply