পটুয়াখালীতে প্রায় ২২ মাস ধরে বন্ধ হয়ে আছে ৭৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫৫টি সেতু ও সাতটি সড়কের কাজ। কোথাও সেতুর মূল কাঠামো শেষ হলেও সংযোগ সড়ক হয়নি, আবার কোথাও সড়ক খুঁড়ে বা নির্মাণসামগ্রী ফেলে কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২২টি প্যাকেজের এসব কাজের মূল ঠিকাদার ছিল সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন ইফতি-ইটিসিএল লিমিটেড। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশত্যাগ করলে তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হয়। ফলে আর্থিক জটিলতায় স্থানীয় সাব-ঠিকাদারেরা কাজ বন্ধ করে দেন।
নথি অনুযায়ী, সড়ক উন্নয়নকাজের অগ্রগতি গড়ে ৫৬ শতাংশ এবং সেতু নির্মাণকাজের অগ্রগতি ৭৭ শতাংশ। বেশ কয়েকটি সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান, সাব-ঠিকাদারদের করা মামলার কারণে মূল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল ও নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। আদালত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে অসমাপ্ত সড়ক ও সেতুর কারণে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কোথাও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্বাভাবিক চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply