খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক এলাকাবাসীকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। বেহাল সড়কের কারণে রিকশা কিংবা অন্যান্য হালকা যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসীর ভাষ্য, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও রিকশা নিয়ে বাড়ির সামনে পৌঁছানো যায় না। ফলে অনেক সময় তাদের হেঁটেই মূল সড়ক পর্যন্ত যেতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।
স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে সরদারপাড়া সড়কটি সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply