শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার

dynamic-sidebar

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই সম্ভাব্য চেয়ারম্যান পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। স্থানীয় বিএনপির অন্তত অর্ধডজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন বর্তমান ও সাবেক নেতা চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আলম ফরিদ।
দলীয় একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য প্রার্থীদের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে এবং পদটি পেতে বিভিন্ন পর্যায়ে চলছে লবিং ও তদবির। এদিকে, কয়েকজন নেতার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক থাকায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য, বাসস্ট্যান্ড দখল, সংগঠন গঠনে আর্থিক লেনদেনসহ নানা অভিযোগ উঠেছে। ফলে নগর উন্নয়ন কর্তৃপক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “যিনি নগরকে জানেন এবং মানুষের প্রয়োজন বোঝেন, এমন স্থানীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত।”
অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, “আমার কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। তবে দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।”
সচেতন নাগরিক কমিটির সভাপতি টুলু রানী কর্মকার বলেন, দীর্ঘদিন ধরে বরিশালে অপরিকল্পিত উন্নয়ন হয়েছে। বউক গঠিত হলে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে জনআস্থার সংকট তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “দীর্ঘ ৩৩ বছর ধরে বরিশাল বিভাগীয় শহর হিসেবে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারিভাবে উন্নয়ন কর্তৃপক্ষের গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে নগরের পরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে।”
বউক গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার আগেই চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক তৎপরতা এবং সম্ভাব্য নিয়োগ নিয়ে নানা আলোচনা শুরু হওয়ায় শেষ পর্যন্ত নেতৃত্ব কার হাতে যাচ্ছে, সেদিকেই এখন নজর বরিশালবাসীর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net