খবর বরিশাল ডেস্ক :
সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন নগরীর অসহায় ও ছিন্নমূল নারীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন সামাজিক সহায়তা ও সেবা পেতে একাধিকবার আবেদন করেও তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাবেক ডিসির বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া আলেয়া বেগম বলেন, “বহুবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও কোনো সহায়তা পাইনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।” আরেক বিক্ষোভকারী পিয়ারা বেগম বলেন, “আমরা এমন একজন মানবিক জেলা প্রশাসক চাই, যিনি সব শ্রেণি-পেশার মানুষের কথা শুনবেন এবং সবার পাশে থাকবেন।”
নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেন, সদ্য বিদায়ী ডিসি খায়রুল আলম সুমনের দায়িত্ব পালনকালে সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয় বলেও তারা জানান।
এরই মধ্যে সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে খায়রুল আলম সুমনকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে মো. খায়রুল আলম সুমন কোনো মন্তব্য না করে সরকারি গাড়িতে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply