খবর বরিশাল ডেস্ক : নগরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বিভিন্ন জনদুর্ভোগপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বিসিসি কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিসিসি প্রশাসকের একান্ত সচিব ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মদিনা মসজিদ সংলগ্ন হাজী লেন, বসুন্ধরা লেন, মীরা বাড়ি সড়ক, ভুইয়া বাড়ি সড়ক, ছাড়াবাড়ি সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা এবং জনভোগান্তির বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।
স্থানীয়দের উদ্দেশে মুশফিকুল হাসান মাসুম বলেন, সম্প্রতি এলাকার এক বাসিন্দা সরাসরি বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে ফোন করে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেন।
তিনি আরও জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদ বিল্লাহ, আরিফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, মো. দেলোয়ার হোসেন দিলু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি শেখ, ছাত্রদল নেতা রানা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধানে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply