শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫

শিরোনাম :

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

বুধবার (৮ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা তার কক্ষেও তালা ঝুলিয়ে দেন।
জানা গেছে, সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন ডা. এস. এম. মনিরুজ্জামান। তার যোগদানের পরদিন মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে তার পদায়নের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
বুধবার সকালে ডা. মনিরুজ্জামান কার্যালয়ে এসে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। পরে সকাল ১১টার দিকে বিষয়টি জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুর প্রায় ২টার দিকে তারা তাকে কার্যালয় ত্যাগ করতে বলেন। পরে তিনি কার্যালয় থেকে বের হয়ে গেলে আন্দোলনকারীরা তার কক্ষে পুনরায় তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক উপপরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়। তিনি পূর্বে শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তার পদায়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন এবং তাকে কার্যালয় ত্যাগ করতে বলেন।

তিনি আরও দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ডা. মনিরুজ্জামানকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।

 

এ বিষয়ে বক্তব্য জানতে ডা. এস. এম. মনিরুজ্জামানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net