সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে মোটরসাইকেল চুরিতে বাড়ছে আতঙ্ক!

dynamic-sidebar

*সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ
*পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

খবর বরিশাল ডেস্ক:
বরিশাল নগরীতে মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনার স্পষ্ট ফুটেজ থাকার পরও অভিযুক্তকে গ্রেপ্তার করা না যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। সম্প্রতি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর বগুড়া রোডের শীতলাখোলা এলাকার একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের একটি ইয়ামাহা R15M মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মীর মাফিউজ্জামান জানান, চলতি মাসের (০১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি ‘মনির প্যালেস’ নামের একটি আবাসিক ভবনের নিচতলার গ্যারেজে তার মোটরসাইকেলটি রেখে বাসায় যান। পরদিন দুপুরে গ্যারেজে গিয়ে মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোটরসাইকেলটির ইঞ্জিন ও চেসিস নম্বর উল্লেখ করে এর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ভবনের সিসিটিভি ফুটেজে চুরির সঙ্গে জড়িত ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা গেছে। তিনি ওই ফুটেজ আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংবাদমাধ্যমকেও সরবরাহ করেছেন। তবে অভিযোগ দায়েরের পরও চোর শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। মীর মাফিউজ্জামান বলেন, *“সিসিটিভিতে চোরের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের আওতাধীন ১৪টি থানায় অন্তত ২৩টি চুরির মামলা ও অভিযোগ নথিভুক্ত হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে পুলিশি প্রক্রিয়ার জটিলতা এড়াতে ভুক্তভোগীরা নিজেরাই চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন, ফলে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল মহানগর কমিটির সম্পাদক মো. রফিকুল আলম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল, কার্যকর গোয়েন্দা নজরদারি এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। অপরাধীরা দ্রুত আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অপরাধের প্রবণতা অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন।

চুরির ঘটনার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, “সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বরিশালের বাইরে থেকে এসে চুরির ঘটনা ঘটিয়ে আবার চলে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আশা করছি দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে।”

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন ইউনিটের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগরীতে মোটরসাইকেল চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। সিসিটিভিতে স্পষ্ট ফুটেজ থাকার পরও যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সংঘবদ্ধ চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তারা অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা এবং চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net