শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট, স্মার্ট নগর গড়ার অঙ্গীকার

dynamic-sidebar

এইচ আর হীরা : কোনো ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। প্রস্তাবিত বাজেটে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিকসেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুলাই) নগর ভবনের হলরুমে বাজেট ঘোষণা করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে কর না বাড়িয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর ভাষায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।

বাজেটে নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, শহর রক্ষা বাঁধ নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথা তুলে ধরা হয়। পাশাপাশি আগামী অর্থবছরে পানির এটিএম বুথ চালু, ৫০ হাজার বৃক্ষরোপণ, নতুন সড়কবাতি স্থাপন, পার্ক উন্নয়ন ও বিভিন্ন নাগরিক সেবা পুরোপুরি অনলাইনে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানানো হয়।

এ ছাড়া নারী ও শিশু কল্যাণে আধুনিক পাবলিক টয়লেট, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মার্কেট, কর্মজীবী নারী হোস্টেল, শিশুদের জন্য পার্ক উন্নয়ন এবং তিনটি জোনে বিনামূল্যে নারী ও শিশু স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ রয়েছে।

প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর নগরীতে নতুন সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভবন সংস্কারের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতার শেষাংশে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দুর্নীতি ও অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবার পরিধি আরও বাড়ানো হবে। কর বৃদ্ধি ছাড়াই নগরবাসীকে আরও উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net