শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪

ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির কবলে বরিশাল অঞ্চল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : আবার নজিরবিহীন লোডশেডিং-এর কবলে সমগ্র বরিশাল অঞ্চল। সান্ধ্য পীক আওয়ারে প্রায় সাড়ে ৮শ মেগাওয়াট চাহিদার বিপরীতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় গ্রিড থেকে বরিশাল অঞ্চলে সরবরাহ ছিল ৪শ মেগাওয়াটের মতো। অথচ এ অঞ্চলের উৎপাদন ইউনিটগুলো থেকে জাতীয় গ্রিডে সরবরাহ ছিল প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট। সকাল থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্তই এ লোডশেড অব্যাহত থাকছে। এমনকি খোদ বরিশাল মহানগরীতেও মধ্যরাত পেরিয়ে ভয়াবহ লোডশেডে এক ভয়াবহ ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করছে। নিরাপত্তাহীন হয়ে পড়ছে পুরো মহানগরী।

শিল্প কলকারখানা ছাড়াও ব্যবসা-বাণিজ্যেও চরম বিপর্যয় নেমে এসেছে সাম্প্রতিককালের এ নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতিতে। বৃহস্পতিবার দিনভরই সমগ্র দক্ষিণাঞ্চল জুড়েই প্রতি দুই ঘণ্টা অন্তর ১ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বিভিন্ন এলাকায়। বরিশাল মহানগরীর অফিসপাড়া থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রগুলোও এ লোডশেডিং থেকে রেহাই পায়নি।

এমনকি পরীক্ষার হলের লোডশেডিং-এ অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের অন্ধকারে প্রশ্নপত্র আর উত্তরপত্র হাতড়াতে হচ্ছে। আধো আলো আর আধো অন্ধকারে পরীক্ষা দিয়ে ঘরে ফিরেও লোডশেডিং-এর কবল থেকে রেহাই মিলছে না। ফলে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতেও চরম ভোগান্তিতে পড়ছে বরিশাল শিক্ষা বোর্ডের অর্ধ লক্ষাধিক পরীক্ষার্থী।

গত তিনদিনের এ বিদ্যুৎ ঘাটতির বিষয়ে গ্রিড ট্রান্সমিশন কোম্পানি, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ এ অঞ্চলের ৬টি পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল মহলের কারো কাছ থেকেই সুস্পষ্ট কিছুই জানা যায়নি। তবে বরিশাল অঞ্চলের প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষম তাপ বিদ্যুৎ কেন্দ্র, কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন সহ গ্যাস টারবাইন ও ডিজেল পাওয়ার স্টেশনগুলো থেকে প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত আছে বলে জানা গেছে।

বিদ্যুৎ সংকটে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে একাধিক ওষুধ শিল্প প্রতিষ্ঠান সহ রপ্তানিমুখী জুতা প্রস্তুত শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাদ্যপণ্য এবং টেক্সটাইল ও সিমেন্ট ফ্যাক্টরিগুলোও ভয়াবহ উৎপাদন সংকটের কবলে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন উৎপাদন ঘাটতির পরিমাণ প্রায় ১শ কোটি টাকা বলে একাধিক সূত্রে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net