খবর বরিশাল ডেস্ক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে বাস ধর্মঘট করছে শ্রমিকরা। এ কারণে চরকাউয়া থেকে অভ্যন্তরীণ ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (০২ আগস্ট) সকাল থেকে চরকাউয়া টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রয়েছে।
চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্ধির বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আন্দোলনরত বাস শ্রমিকরা জানান, ৫ আগস্টের পর থেকে চরকাউয়া বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোনো ধরনের নির্বাচন হয়নি। পূর্বের কমিটি দিয়ে এখনো পরিচালনা করা হচ্ছে। শ্রমিক নেতাদের কর্তৃক শ্রমিকদের মারধরসহ নানা ধরনের হয়রানির শিকার হয়ে তারা বাস ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন।
এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল, রিকশা-ভ্যানযোগে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেই সুযোগে বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছেন ছোট গণপরিবহনের চালকরা। এ কারণে বাস শ্রমিকদের সংকট দ্রুত সমাধানের দাবি করেছেন যাত্রীরা।
সুমন নামের এক যাত্রী বলেন, ‘বাস বন্ধ থাকার কারণে মোটরসাইকেল বেশি ভাড়া নিচ্ছে। এসব ভোগান্তির দ্রুত সমাধান প্রয়োজন।’
চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মঞ্জুমদার বলেন, ‘আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি জানাচ্ছি। যারা এখন দায়িত্বে আছে তারা বিগত ফ্যাসিস্ট আমলের লোক। তারা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করেছে। আমরা তাদের চাই না। নির্বাচনের মাধ্যমে যারাই দায়িত্বে আসুক তাদের নেতৃত্ব আমরা মেনে নেব।’
চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খানকার বলেন, ‘শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্বাচনের জন্য ধর্মঘট করেছে। মালিক সমিতির বিষয় তাদের না। আমরা শ্রমিকদের নিয়ে বসে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply