বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭

জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগর ভবনের সামনে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে না। গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণের শক্তিকে অবমূল্যায়ন করলে যে কোনো সরকারকেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার সরে এসেছে। একই সঙ্গে সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা, লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ এবং জাগপার বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে একটি মিছিল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ, সদর রোড হয়ে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net