খবর বরিশাল ডেস্ক : গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গতকাল বুধবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়েছে। সমগ্র বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা স্মরণ করে, আমরা চাই, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত থাকুক। তিনি হাজার মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত জুলাই চেতনাকে কোনো অপশক্তি যেন ভুল পথে পরিচালিত করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সচেতন, ঐক্যবদ্ধ ও সজাগ থাকারও অহ্বান জানান।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকারকে দীর্ঘদিন একটি গোষ্ঠী ও একটি পরিবার কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিলো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়া হয়েছিলো। কিন্তু এ দেশের তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ, কৃষক, শ্রমিক, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ সেই পরিস্থিতি মেনে নেয়নি। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হয়েছে।
মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালীন শাসকগোষ্ঠী নানা ধরনের লোভ-লালসা, পদ-পদবির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল। অনেককে বলা হয়েছিল, ‘আমাদের সঙ্গে আসুন, আপনাকে মন্ত্রী বানানো হবে।’ কিন্তু দেশের সচেতন মানুষ সেই প্রলোভনে পা দেয়নি। তারা ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অটল থেকেছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, জুলাই বিপ্লব কেবল কয়েকজন সাহসী তরুণের আন্দোলন ছিল না। এটি ছিল সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রতিরোধ, দীর্ঘদিনের বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের শক্তি ছিল জনগণের ঐক্য, সাহস এবং গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বরিশালের প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ জুলাইযোদ্ধা শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে বরিশালের আমতলার মোড় ‘শহিদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিফলকে’ পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply