, ,

বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে এ সৌজন্য সাক্ষাৎ, নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডাচ রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বরিশাল নগরীর টেকসই অগ্রগতি, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনার বিষয়ে নেদারল্যান্ডস সরকারের ইতিবাচক আগ্রহের কথা জানান।

তিনি বলেন, বরিশালের উন্নয়নে নেদারল্যান্ডস সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও কৃষি—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

আলোচনায় শিক্ষা খাতে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নে সহায়তা, পানি ব্যবস্থাপনায় বরিশালের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আধুনিক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নদীভিত্তিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এ সময় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেদারল্যান্ডস সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বরিশাল নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের মধ্য দিয়ে বরিশালের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net