খবর বরিশাল ডেস্ক : জলাবদ্ধতার ভোগান্তি বাড়ছেই বরিশাল নগরের নবগ্রাম ও বগুড়া সড়কে। একটু বৃষ্টি হলে বা জোয়ারের পানিতে সবার আগে তলিয়ে যায় এই দুটি সড়ক। বছরের পর বছর জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে নগরের নবগ্রাম সড়কের হাতেম আলী কলেজ ছাত্রাবাস থেকে ফরেস্টার বাড়ি পুলসংলগ্ন স্থানে হাঁটুপানি দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ সড়কে বছরে ছয় মাসই জলাবদ্ধ থাকে।
নবগ্রাম রোডসংলগ্ন অক্সফোর্ড মিশন সড়কের বাসিন্দা কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, এখানকার নবগ্রাম খাল ভরাট করে মার্কেট করা হয়েছে। নবগ্রাম রোডের দক্ষিণ পাশের পুরোটাই খাল ছিল। যে কারণে সড়কটির দক্ষিণ পাশে অধিকাংশ সময় জলাবদ্ধ থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, নবগ্রাম সড়ক এখন বাণিজ্যিক এলাকা হয়ে গেছে। তার ওপর আবাসিক এলাকা রয়েছে অন্তত ১০টি। এর মধ্যে উল্লেখযোগ্য মনসুর কোয়ার্টার, সার্কুলার রোড, আশরাফ সড়ক। এখানকার হাজার হাজার মানুষকে বছরের ছয় মাসই পানি পেরিয়ে মূল রাস্তায় উঠতে হয়। এ সড়ক বেশ কয়েকবার সংস্কার হলেও পানি জমে থাকে।
একই চিত্র দেখা যায় বগুড়া রোডের বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি বালিকা বিদ্যালয়, অপসোনিন, অক্সফোর্ড মিশন স্কুল, মুন্সী গ্যারেজ পর্যন্ত। এ সড়কও মাসের পর মাস জলাবদ্ধ থাকে। মাহবুব মাসুম নামক মুন্সী গ্যারেজের এক বাসিন্দা বলেন, বাসা থেকে বের হয়ে সদর রোড যেতে হলে পানি পেরোতে হবে। এই পানি এতটা নোংরা যে শিশুদের নানা রোগ ছড়ায়।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ দুটি সড়কের দুর্ভোগ কমাতে টেন্ডার সম্পন্ন হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তাঁরা কাজ শুরু করবেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply