খবর বরিশাল ডেস্ক : বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) ৬০ পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষ দীর্ঘ ২৬ বছর ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। রক্ষণাবেক্ষণের অভাবে টিনের ঘর, শৌচাগার ও নলকূপসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে গেছে। বর্ষা ও জোয়ারের পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি ও উঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৬ বছর আগে ভূমিহীন, গৃহহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য হারতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুচিয়ারপাড় গ্রামে ৬০টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়। তাদের জন্য টিনের ঘর, রান্নাঘর, শৌচাগার, নলকূপ ও মসজিদসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ঘরের টিনের চাল মরিচা ধরে ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। অনেক শৌচাগার ভেঙে পড়েছে। নলকূপ নষ্ট থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রকল্প এলাকায় চলাচলের রাস্তাও বেহাল। এর সঙ্গে কাঁচা নদীর জোয়ারের পানিতে প্রায়ই ঘর ও উঠান তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খালেক, নির্মল দাস, রোজিনা ও ফুলি বেগম বলেন, আমাদের ৬০ পরিবারের প্রায় ৫০০ মানুষের বসবাস। ঘরের টিন ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। পলিথিন দিয়ে কোনোভাবে ঠেকিয়ে রাখি। টয়লেট ভেঙে গেছে, নলকূপ নষ্ট, চলাচলের রাস্তাও নেই। জোয়ারের পানিতে ঘর-উঠান তলিয়ে যায়।
তারা বলেন, আমরা দিনমজুরি, ভ্যান চালানো, মাছ ধরা ও মৎস্যঘেরে শ্রমিকের কাজ করে সংসার চালাই। প্রতিদিনের খাবার জোগাড় করতেই কষ্ট হয়। নিজেদের টাকায় ঘর মেরামত করার সামর্থ্য নেই। ২৬ বছর আগে যে ঘরে উঠেছিলাম, এখন সেখানে থাকাই কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটির অবকাঠামো সংস্কার না হওয়ায় বসবাসকারীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে শিশুদের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে। দ্রুত ঘরগুলো সংস্কার, চলাচলের রাস্তা নির্মাণ, নলকূপ ও শৌচাগার মেরামতের দাবি জানিয়েছেন তারা।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা বলেন, ওই এলাকার দুর্দশার কথা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, সাধারণ মানুষের দুর্দশা লাঘবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply