খবর বরিশাল ডেস্ক::
বরিশাল নগরীতে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, চলাচলের জায়গা না রাখা এবং প্রতিবেশীদের ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে এক নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে বিসিসির উচ্ছেদ শাখা।
ঘটনাটি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার নূরিয়া স্কুলসংলগ্ন হাজী বাড়িতে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে হাজী বাড়িতে জমি কেনেন পূবালী ব্যাংকের রূপাতলী শাখায় কর্মরত ইয়ানুর আক্তার তানিয়া। চলতি বছরের শুরুতে ওই জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য বিসিসি থেকে নকশা অনুমোদন করান তিনি। তবে অনুমোদিত নকশা ও বিসিসির নিয়ম অনুসরণ না করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের দাবি, হাজী বাড়ির অন্য বাসিন্দারা সড়কে চলাচলের সুবিধার্থে বিসিসির নিয়ম অনুযায়ী জায়গা রেখে ভবন নির্মাণ করলেও তানিয়া সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না রেখেই নির্মাণকাজ করছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিসিসিতে অভিযোগ করলে কর্তৃপক্ষ তার নির্মাণকাজ বন্ধ করে দেয়।
তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের নির্দেশনার পরও তানিয়া বহিরাগত লোকজন এনে জোরপূর্বক কাজ চালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম ইমন অভিযোগ করে বলেন, চলাচলের রাস্তার পাশে সেপটিক ট্যাংক নির্মাণ করায় পুরো বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া রাস্তা থেকে প্রায় আধা ফুট জায়গাও ছাড়া হয়নি।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম বলেন, ‘তিনি (তানিয়া) সিটি করপোরেশনের লোকজনকে টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়ার কথা বলেন। আমরা বিসিসির প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। এই দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দিন। পুরো বাড়ির মানুষ এই পরিবারের কাছে জিম্মি হয়ে আছি।’
আরেক বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, ‘তিনি নিয়ম ভেঙে নির্মাণকাজ করছেন। বহিরাগত লোকজন এনে আমাদের হুমকি-ধমকি দিয়েছেন। পরে তিনিই থানায় গিয়ে বাড়ির কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। তার বিরুদ্ধে কথা বললেই শত্রু হতে হয়।’
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা লকিবউল্লাহ শিকদার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত রোববার নির্মাণকাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে পূবালী ব্যাংকের রূপাতলী শাখার কর্মকর্তা ইয়ানুর আক্তার তানিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply