, ,

শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলের ওপর হামলা, হত্যাচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গোপালের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন। এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার ফুট ওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

মামলায় নাম উল্লেখ করা অপর আসামিরা হলেন—আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।

এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছোট ভাই গোপাল হালদার রাহুল দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। ২০২৫ সালের ৬ আগস্ট পত্রিকাটির ডিজিটাল প্ল্যাটফর্মে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন গোপাল। ওই প্রতিবেদন প্রকাশের পর গেজেট থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মিরাজ। এ ঘটনাকে কেন্দ্র করে মিরাজ তার ভাইয়ের ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, পূর্ববিরোধের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম রিপার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় মিরাজের হাতে থাকা নানচাকু দিয়ে গোপালের মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যান। এতে আঘাতটি তার বাঁ পায়ের পাতায় লাগে এবং পায়ের হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আবু রাইয়ান শাকের গোপালের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং তার নাকে ঘুষি মারেন। এতে গোপালের নাকের হাড় ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে মারুফ হাসান ও তানজিল ইসলাম তার মাথা লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

হামলার একপর্যায়ে গোপালের প্যান্টের পকেটে থাকা প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি এস২১ ফাইভজি মডেলের একটি স্মার্টফোন মিরাজ নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একই সময়ে আবু রাইয়ান তার কাছে থাকা ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন গোপালকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করেন। এ সময় আসামিরা তাকে প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বজনেরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন গোপাল হালদারকে ধরে রেখেছেন। এ সময় সামনে থেকে আরও কয়েকজন তাকে মারধর করছেন। ভিডিওতে হামলাকারীদের ‘ওরে কেউ ধরবেন না’ বলতে শোনা যায়।

হামলার শিকার সাংবাদিক গোপাল হালদার বলেন, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে তার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর থেকেই মিরাজ ও তার সংগঠনের নেতা-কর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন গোপাল।

তিনি আরও বলেন, এর আগেও একবার তার ওপর হামলার চেষ্টা হয়েছিল। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় সেবার রক্ষা পান। এবার সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়েছে এবং তার পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা হলে পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়বে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলার বাদী সুমন চন্দ্র হালদার বলেন, তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক ও মামলার প্রধান আসামি মিরাজ ইমতিয়াজ। তিনি জানান, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য আবেদন করেছিলেন। পরে সরকারি প্রজ্ঞাপনে তার নাম জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং তিনি ভাতা পাচ্ছেন।

গোপাল হালদারের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে মিরাজ বলেন, “এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও গোপাল ছড়িয়ে দিয়েছেন। এর প্রতিবাদে তারা ইতোমধ্যে মানববন্ধন করেছেন।”

এ বিষয়ে মামলার আরেক আসামি সাংবাদিক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।” তার দাবি, ঘটনার দিন তিনি পটুয়াখালীতে ছিলেন না। ব্যক্তিগত কাজে বরগুনার বেতাগী উপজেলায় অবস্থান করছিলেন।

মামলায় নিজের নাম আসার বিষয়ে তিনি বলেন, ঘটনার দিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত তিনি ব্যক্তিগত কাজে বেতাগী উপজেলায় ছিলেন। পরে রাত ৯টার দিকে পটুয়াখালীতে আসেন। ফলে অভিযোগে উল্লেখ করা হামলার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, ঘটনার দিন তিনি পটুয়াখালীর বাইরে ছিলেন। অথচ ওই হামলার ঘটনায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এসব প্রমাণের মাধ্যমে ঘটনার দিন তার অবস্থান নিশ্চিত করা সম্ভব বলেও জানান তিনি।

আসাদুল্লাহ হাসান মুসা বলেন, তিনি টাইমস টুডে ও ঢাকা ডায়েরির পটুয়াখালী প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মামলায় আসামি হওয়ায় তিনি উদ্বিগ্ন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় পটুয়াখালী শহরের বড় চৌরাস্তায় গোপাল হালদারকে মারধর ও জুতাপেটার অভিযোগ ওঠে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন ২৫ নভেম্বর গোপাল হালদারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম রিপা।

মামলায় রিপার অভিযোগ, গত ২২ নভেম্বর গোপাল হালদার তাকে মেসেঞ্জারে সম্পাদনা করা একটি অশ্লীল ভিডিও পাঠান। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে গোপাল তাকে আক্রমণ করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মারুফ হাসানও আহত হন বলে দাবি করেন রিপা।

অন্যদিকে, গোপাল হালদারের দাবি, ভিডিওটি যাচাই করার জন্য তিনি এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। তবে ভিডিওটি কে ছড়িয়েছেন কিংবা সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, সে বিষয়ে তিনি জানেন না। তার অভিযোগ, ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে তাকে একটি চায়ের দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর ও জুতাপেটা করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষই থানায় মামলা করেছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net