বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২

সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন-বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা। ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরকারি সফরে ভোলা আগমন উপলক্ষে নতুন বাজার বিজেপি কার্যালয়ের সামনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা-বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদেরকে নিয়ে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।

স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যসহ সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।

নিজের প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, আমাকেও সেভাবে ভালোবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী-এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান।

৩ দিনের সরকারি সফরে সড়ক পথ হয়ে মঙ্গলবার দুপুর ২টায় ভোলা এসে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তার আগমনকে ঘিরে হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল, মাইক্রো, খোলা পিকআপ নিয়ে সড়কপথে অভিনন্দন জানান।

এ সময় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বিজেপির নেতা-কর্মীরা শুভেচ্ছা বহরে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net