খবর বরিশাল ডেস্ক ::
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান বাবু উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের বাবা। গুরুতর আহত আসাদুল ইসলাম (৩১) একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর অবস্থায় অন্য আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ জানিয়েছেন, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply