খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিসহ শিশুদের অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
হাদিয়া আক্তারের সঞ্চালনায় এবং তাজুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশালের সিনিয়র প্রোগ্রাম অফিসার নিপা সরকার বলেন, ইতিমধ্যে ২২ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে এবং অনেক শিশুকে বিদ্যালয়মুখী করা হয়েছে।
তিনি বলেন, “আমরা চাই এই ওয়ার্ডে আর একটি বাল্যবিয়েও না হোক, কোনো শিশু যেন স্কুল থেকে বঞ্চিত না হয়। এজন্য সবাইকে একত্রিত হয়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
সভায় ২২ নম্বর ওয়ার্ডের সচিব রাজিবুল ইসলাম বলেন, বাল্যবিয়ে, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার কুফল সম্পর্কে সবাই অবগত। পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করা গেলে শিশুদের এসব ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, “আমরা আজ অঙ্গীকার করি, যেন আমাদের এলাকাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার ক্ষেত্রে শূন্যের কোটায় নিয়ে আসতে পারি।”
বরিশাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং শিশু সুরক্ষা কমিটি ও দোলনচাঁপা (ইউএনডিএস)-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, শিশুদের সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান কার্যক্রম সন্তোষজনক। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম না থাকলেও এর মাধ্যমে গড়ে ওঠা উদ্যোগগুলো অব্যাহত রাখা এবং তদারকি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply