খবর বরিশাল ডেস্ক ::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় রিমান্ড শেষে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ডিএমপির বিমানবন্দর শাখার সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলামের সই করা আদালতে পাঠানো এক আবেদনের এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী (মাজেদুল ইসলাম) সূত্রে উল্লেখিত মামলায় গ্রেপ্তার আসামি মেজর (অব.) আখতারুজ্জামানকে রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করছি। আসামির এক দিনের রিমান্ড শেষে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং কিছু তথ্য প্রদান করে।
আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এ অবস্থায় আসামিকে জেল হাজতে আটক রাখার আবেদন করা হচ্ছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন তিনি। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Leave a Reply