খবর বরিশাল ডেস্ক ::
জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবরে) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
বরিশাল মহানগর জাতীয় পার্টির প্রচার সম্পাদক জুম্মান হায়দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার নগরীর দক্ষিণ চকবাজার রোডে জেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়। এসময় মহসিন উল ইসলাম হাবুলসহ নেতা-কর্মীরা সেখানে গেলে পুলিশ তাদের জানায়, ওই স্থানে কর্মসূচি পালন করা যাবে না। পরে তারা বান্দ রোডের লঞ্চঘাট এলাকার চট্টগ্রাম হোটেলে বসেন। সেখান থেকে পুলিশ হাবুলকে থানায় নিয়ে যায়। এরপর তারা বান্দ রোডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ওই এলাকায় ক্রেতাদের প্রচণ্ড ভিড় রয়েছে। বিনা অনুমতিতে কর্মসূচি পালন করলে জনভোগান্তি হতে পারে বলে তাদের জানানো হয়েছিল। তাদের সেখান থেকে চলে যেতে বলা হলেও তারা বান্দ রোডের একটি হোটেলে লোকজন নিয়ে অবস্থান করেন এবং সাংবাদিকদের খবর দেন। এ কারণে মহসিন উল ইসলাম হাবুলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply