খবর বরিশাল ডেস্ক ::
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দুর্বৃত্ত দমনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগ ভালো হলেও হাতে অস্ত্র নেওয়া তাঁর জন্য শোভনীয় হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেহরক্ষী থাকার পরও একজন মন্ত্রীর নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ঠিক নয়। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান স্পিকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন ইশরাক। তাঁর উদ্দেশ্য ভালো ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল হলে দলীয় কর্মীদের সহায়তা নেওয়া যেতে পারে। কিন্তু একজন মন্ত্রীর হাতে অস্ত্র থাকা শোভা পায় না। এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে দুর্বৃত্ত দমনে তাঁর ভূমিকার জন্য সাধারণ মানুষ ভবিষ্যতে তাঁকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, দলের একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করা উচিত।
তিনি বলেন, অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে কঠোর ব্যবস্থা নিয়েছে বলে তাঁর জানা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছেন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাঁর এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply