খবর বরিশাল ডেস্ক ::
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর টিবি পুকুর পাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আরিফুর রহমান বাবু ও অ্যাডভোকেট সরোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান আনিস।
এ সময় বরিশাল মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের সার্বিক সাফল্য এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply