খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শিশু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এসময় সেখানে অপেক্ষমাণ পাঁচ থেকে ছয়জন থাকলেও কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে চারটি বেঞ্চে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন বসে ছিলেন। হঠাৎ ওপরের একটি চলন্ত সিলিং ফ্যান খুলে শিশু দুটির পাশেই পড়ে যায়। ফ্যানটি তাদের গায়ে না লাগায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এদিকে ঘটনার পর থেকেই হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগী ও স্বজনরা হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত বা পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, পুরোনো একটি ফ্যান খুলে পড়েছে। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি। সব ফ্যানের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণগুলো পরিবর্তনের জন্য ইলেকট্রিশিয়ানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply