, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল

৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলে যানবাহন চলাচল প্রায় চার গুণ বৃদ্ধি পেলেও টেকসই, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক অবকাঠামো এখনো অনুপস্থিত। ফলে জনদুর্ভোগের পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতির প্রাণস্পন্দন বরিশাল-ভাঙা জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় জানমালের ক্ষতি এখন নিত্যসঙ্গী। এমনকি দেশের ৮ নম্বর এ জাতীয় মহাসড়কটির উন্নয়নে অদূর ভবিষ্যতেও কোনো প্রকল্প বাস্তবায়নের বিষয়টি ক্রমশ অনিশ্চয়তার দোলাচলে ঘুরপাক খাচ্ছে।

উপরন্তু পায়রা বন্দর চালুর ফলে বরিশাল-পায়রা-কুয়াকাটা ও বরিশাল-ভাঙা জাতীয় মহাসড়কে ভারী যানবাহন চলাচলও ক্রমশ বাড়ছে। কিন্তু সে অনুযায়ী এ অঞ্চলের প্রাণস্পন্দন হিসেবে খ্যাত দেশের ৮ নম্বর জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার প্রকল্পটি গত প্রায় এক যুগ ধরে ঝুলে আছে।

তবে বর্তমান সরকার গঠনের পর গত জুনে প্রথমবারের মতো দক্ষিণাঞ্চল সফরকালে সড়ক, সেতু ও নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, খুব শিগগিরই আপনারা ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক নিয়ে ভালো খবর পাবেন’। গত ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন করপোরেশনের ‘বীচ কার্নিভাল’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আগামী ৩ নভেম্বর ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন প্রকল্প’টি একনেক’র অনুমোদন লাভ করবে বলেও জানিয়েছিলেন। ওই একই অনুষ্ঠানে যোগ দেওয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, আগামী এক মাসের মধ্যে বরিশাল-ফরিদপুর ৬ লেন প্রকল্পটি একনেকে অনুমোদন হবে এবং আগামী ৩ মাসের মধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রকল্পটিও অনুমোদন লাভ করবে। তবে এসব বক্তব্যের সমর্থনে সড়ক অধিদপ্তর এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বরিশাল-ভাঙা-ফরিদপুর এবং বরিশাল-পায়রা-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০১৫-১৮ সালের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা, পথনকশা ও দরপত্র দলিল তৈরি করা হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১,৮৫৪ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণের প্রস্তাবটি ২০১৮ সালে অনুমোদন করে তা ২০২১ সালের জুনের মধ্যে সম্পাদনের কথা বলা হয়েছিল। ভূমি অধিগ্রহণসংক্রান্ত সেই প্রকল্পটি ২০২৬ সালের জুনেও সম্পাদন হয়নি। তবে ১,৮৫৪ কোটি টাকার ভূমি অধিগ্রহণে এখন প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে সড়ক অধিদপ্তর।

ফলে বিগত অন্তর্বর্তী সরকার আমলে মূল প্রকল্পে ভূমি অধিগ্রহণে বরাদ্দকৃত অর্থ বৃদ্ধি না করে ফরিদপুর-বরিশাল-পায়রা-কুয়াকাটা ৬ লেন প্রকল্পটির দৈর্ঘ্য দক্ষিণে বরিশাল সীমানা পর্যন্ত সীমিত করার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। এমনকি প্রকল্পটি থেকে বরিশাল বাইপাস নির্মাণের বিষয়টিও বাদ দেওয়া হয়েছে। কিন্তু এসব কিছুর পরেও মূল প্রকল্পটি এখনো ক্রমাগত অন্ধকারে হাতরাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা, পথনকশা ও দরপত্র দলিলসমূহ প্রণীত হলেও নানা ত্রুটি-বিচ্যুতির কারণে এই উন্নয়ন সহযোগী নতুন করে সমীক্ষা ও পথনকশা তৈরি করতে বলেছে আরও দুই বছর আগেই। কিন্তু সড়ক অধিদপ্তর সে বিষয়ে এখনো অনেকটাই নিশ্চুপ।

অপরদিকে গত প্রায় ৯ বছর ধরে বরিশাল-ফরিদপুর ও বরিশাল-পায়রা-কুয়াকাটা মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণের কাজ অতি ধিমে তালে ও কচ্ছপ গতিতে এগোলেও সাড়ে ১৮শ কোটি টাকার জমি অধিগ্রহণে এখন প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হওয়ায় বরিশালের পরের অংশটি বাদ দেওয়া হয়েছে।

তবে চলতি অর্থবছরের মধ্যে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হবে বলে বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে জানিয়েছেন। কিন্তু কবে নাগাদ মূল প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হতে পারে, তা তাঁর জানা নেই বলে জানান বরিশাল সড়ক জোনের এই প্রধান নির্বাহী।

অপরদিকে সড়ক ভবনের একাধিক দায়িত্বশীল মহলে বিষয়টি নিয়ে আলোচনা করা হলে কেউই বরিশাল-ফরিদপুর ও বরিশাল-পায়রা-কুয়াকাটা মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারেননি। কেউই বিষয়টি নিয়ে ইতিবাচক কিছু বলতে পারেননি। তবে ২০১৮ সালে প্রণীত ডিপিপি’তে প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ ওই প্রকল্পটির জন্য এখনো কোনো দাতা বা উন্নয়ন অংশীদার না পাওয়ায় এর ভবিষ্যৎ এখনো অন্ধকারেই বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ভবনের একাধিক মহল।

তবে সড়ক ভবনের অপর একটি দায়িত্বশীল সূত্রের মতে, কোনো দাতা বা উন্নয়ন অংশীদার না পাওয়া গেলে প্রাথমিকভাবে দেশের ৮ নম্বর এই জাতীয় মহাসড়কটির ভাঙা থেকে বরিশাল বাইপাসসহ কালিজরা সেতু ও দপদপিয়া সেতু পর্যন্ত ৪ লেনে উন্নীত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এতে করে রাজধানী ছাড়াও উত্তরবঙ্গের সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা দ্রুততর এবং নির্ভরযোগ্য ও টেকসই করা সম্ভব বলেও মনে করছে মহলটি।

এ ব্যাপারে বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে জানান, ইতোমধ্যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত ৯১ কিলোমিটার মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত করার কাজ চলমান রয়েছে। আগামী জুনের মধ্যে দেশের ৮ নম্বর এই জাতীয় মহাসড়কের অতি গুরুত্বপূর্ণ এই অংশটি ৩৪ ফুটে প্রশস্তকরণ সম্পন্ন হবে। তবে যেহেতু জুনের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে, তাই উন্নয়ন অংশীদার না পাওয়া গেলে নিজস্ব অর্থে মহাসড়কটির এই অংশটুকু ৪ লেনে উন্নীতকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। তবে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেই মনে করছে সড়ক অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল মহল।

তবে সড়ক অধিদপ্তর এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীল মহলে খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রকল্পটির জন্য কোনো উন্নয়ন প্রকল্প-প্রস্তাবনা (ডিপিপি)’ই এখনো প্রস্তুত হয়নি। কোনো দাতা বা উন্নয়ন অংশীদারও জোগাড় করতে পারেনি বহিঃসম্পদ বিভাগ। ফলে সারা দেশের সাথে সমগ্র দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের একমাত্র এই মহাসড়কটির উন্নয়ন এখনো পরিপূর্ণভাবেই অনিশ্চয়তার কবলে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net