খবর বরিশাল ডেস্ক ::
পিরোজপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার পুড়ে মারা গেছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়। আগুন লাগার সময় তিনি বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে অন্যান্য বাসের সঙ্গে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাস দাঁড়িয়ে ছিল। বুধবার ভোরে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি জগলুল হাসান। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply