খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বরিশাল এসআরবি-৮ এর অভিযানিক দল। এ সময় আটটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ৩৩টি ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শাহে আলম (৫০), বিএম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা গেছে আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
একই সময় উদ্ধার করা হয় ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ও আলামত রাখার ১০টি ব্যাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জর্দা শামীম সম্পর্কে বলা হয়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮ এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply