, ,

শিরোনাম :

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীমকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে বরিশালে ফিরিয়ে আনতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একটি দল কুয়াকাটার উদ্দেশে রওনা হয়েছে।

বিএমপির মুখপাত্র সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক নিখোঁজ হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে তাকে উদ্ধারে সার্বক্ষণিক তৎপরতা শুরু করা হয়। পুলিশের বিভিন্ন সোর্সও এ বিষয়ে কাজ করছিল। বৃহস্পতিবার কুয়াকাটা সমুদ্রসৈকতে হাঁটাহাঁটির সময় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নিকটস্থ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরেননি বিচারক শেখ ফারহান নাদীম। পরদিন বুধবার আদালতেও উপস্থিত হননি তিনি। বিষয়টি জানার পর তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির নম্বর ১৪৮৯, তারিখ ১৮ নভেম্বর।

নিখোঁজ হওয়ার পর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাকে দেখা যায়। পরে গির্জা মহল্লা রোডের একটি মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা যায়। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ সময় তার ব্যক্তিগত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net