খবর বরিশাল ডেস্ক ::
পটুয়াখালীর দশমিনায় ব্যক্তিগত উদ্যোগে জনদুর্ভোগ লাঘব, অসহায় মানুষের সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম। কখনো সড়কের গর্ত সংস্কার, কখনো অসহায় পরিবারের ঘর নির্মাণে টিন দেওয়া, আবার কখনো দরিদ্র মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে দেওয়ার মতো কাজ করছেন তিনি। পাশাপাশি এলাকার মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহায়তা এবং কয়েকটি মসজিদের ইমামকে নিয়মিত অর্থ দিয়ে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সেকেন্দার মাস্টারের বাড়ির দক্ষিণ পাশের সড়কে কালভার্টসংলগ্ন একটি বড় গর্ত বালু ও খোয়া দিয়ে সংস্কার করেন নজরুল ইসলাম।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে গর্তটির কারণে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষাকালে গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। বিশেষ করে বিপরীত দিক থেকে দুটি যানবাহন এলে চলাচলে বাধা সৃষ্টি হতো। এতে প্রায়ই দুর্ভোগ পোহাতে হতো চালক ও পথচারীদের। এলাকাবাসীর কাছ থেকে সমস্যার কথা শুনে নিজ উদ্যোগে গর্তটি সংস্কারের ব্যবস্থা করেন নজরুল।
এদিন তিনি একই ওয়ার্ডের অসহায় বাসিন্দা দলিল উদ্দিনকে ঘর নির্মাণের জন্য এক বান টিন দেন। পাশাপাশি আছিয়া বেগমের পরিবারকে নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য কিনে সহায়তা করেন।
স্থানীয়দের মতে, শুধু সাম্প্রতিক এসব উদ্যোগই নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে রয়েছেন নজরুল ইসলাম। এলাকার একাধিক মসজিদ ও মাদ্রাসায় বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। কয়েকটি মসজিদের ইমামকেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেন। এ ছাড়া অসহায় মানুষের বিপদে-আপদে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
স্থানীয় অটোরিকশাচালক রফিক বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হতো। বর্ষাকালে গর্তে পানি জমে থাকলে গাড়ি নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ত। দুই দিক থেকে গাড়ি এলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। নজরুল ভাইকে সমস্যার কথা জানানোর পর তিনি বালু ও খোয়া এনে রাস্তা সংস্কার করেছেন। এতে আমরা অনেক খুশি।”
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন বলেন, “এই রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। নজরুল ইসলাম যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এ ভালো কাজের জন্য আমরা দোয়া করি।”
নিজের উদ্যোগের বিষয়ে নজরুল ইসলাম বলেন, “মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়ার আশায় আমি এসব কাজ করে থাকি। বিভিন্ন সময় মানুষের সুখে-দুঃখে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এলাকার রাস্তাঘাটে কোনো সমস্যা থাকলে সমাধানের উদ্যোগ নিই। মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানুষের সেবা করাই আমার নেশা। আমি চাই, জনগণ আমাকে ভালোবেসে তাদের সেবা করার সুযোগ ও সহযোগিতা করবেন।”
স্থানীয়দের আশা, নজরুল ইসলামের এ ধরনের ব্যক্তিগত ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
Leave a Reply