স্বাধীনতা কাপ ফুটবলে সি গ্রুপের লড়াইয়ে তিন দলের মধ্যে আবাহনী এবং শেখ রাসেল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। গতকাল অনুষ্ঠিত খেলায় আবাহনী বিপক্ষের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে শেখ রাসেলকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপের দলের সঙ্গে লড়াই হবে।
শেখ রাসেল এমন একটি ভুল করেছে যা ক্ষমার অযোগ্য। ৬৭ মিনিটে আবাহনীর বদলি ফুটবলার ফয়সাল আহমেদ সিতুল বাম প্রান্ত হতে লক্ষ্যহীন ক্রস ফেলেন শেখ রাসেলের বক্সের ভেতরে। আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন অনেক পিছিয়ে। বল পান রাসেলের ডিফেন্ডার খালেকুরজামান সবুজ। উড়ন্ত বলে হেড করে নিজেদের গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে দিলে তিনি তা ধরতে পারেননি। বল গড়িয়ে জালে যায় ১-০। সঙ্গে সঙ্গে বিপ্লব এবং খালেকুরজামানের মধ্যে বাকবিতণ্ডা হতে দেখা যায়। তাতে ক্ষুব্ধ কোচ শফিকুল ইসলাম মানিক।
জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব এখনো ক্লাব ফুটবলে খেললেও নিয়মিত না। অন্যরা একাদশে না থাকলে তিনি সুযোগ পান। কোচ মানিক মনে করেন বিপ্লব ধরতে পারতেন।
শেখ রাসেলের ইনজুরিগ্রস্ত খেলোয়াড় অনেক বেশি। দল সাজানোই এখন কঠিন হয়ে যাচ্ছে। নয়ন, তুর্য্য, ফজলে রাব্বি, সবুজ, শাহেদ, মিশু, রুম্মনরা ইনজুরি নিয়ে ভুগছেন বলে জানিয়েছেন কোচ মানিক। তবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল আবাহনীর বিপক্ষে খেলার ১১ মিনিটেই গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছে। আবাহনীর সাইড বেঞ্চের গোলকিপার সুলতান আহমেদ শাকিলকে বোকা বানিয়ে পেছনে ফেলে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন কাওসার আলী রাব্বী। বল পোস্টে যায়নি। আলমগীর রানা বল সামনে পেয়েও গোল করতে পারেননি।
মানিকের আফসোস আবাহনীর দুর্বল রক্ষণভাগ পেয়েও গোল করতে পারেনি তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply