বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৬

টানাটানি করেই চলছে ২৫ বছরের পুরনো মহানগর যুবলীগের কমিটি

টানাটানি করেই চলছে ২৫ বছরের পুরনো মহানগর যুবলীগের কমিটি

dynamic-sidebar

বরিশাল জেলা যুবলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই যুগ আগে। এই কমিটির নেতৃত্ব সারির অনেকে মারাও গেছেন। অনেকে আবার বিদেশে পাড়ি জমানোর পাশাপাশি হয়েছেন রাজনীতি বিমুখ। তবে যারা মুল দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই স্থান পেয়েছেন মুল দল আওয়ামী লীগের কমিটিতে। ফলে মেয়াদোত্তীর্ণ এই কমিটির সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। তবুও নতুন কমিটি গঠন প্রক্রিয়ার আভাস নেই। একই অবস্থা বরিশাল মহানগর যুবলীগের কমিটিতেও। ২০০৪ সালে গঠিত এই কমিটির আহবায়ক এ্যাডভোকেট নিজামুল ইসলাম নিজাম এখন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। জেলার সভাপতি জাকির হোসেনও এক বছর আগে গঠিত মহানগর আওয়ামী লীগ কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক। তছাড়া এই দুটি কমিটির অধিকাংশ ডাক সারির নেতারাও কেউ কেউ স্থান পেয়েছেন। ফলে বরিশাল যুবলীগের ব্যানারে সাংগঠনিক কার্যক্রম না দেখা গেলেও নেতাদের আওয়ামী লীগের কর্মসূচীতে অংশগ্রহন দেখা যায়। একই অবস্থা জেলা যুবলীগের আওতাধিন ১০ উপজেলা ও ৬ পৌরসভা এবং মহানগরের ৩০টি ওয়ার্ডের। এমতাবস্থায় দ্রুত পদক্ষেপ নিয়ে জেলা ও মহানগর যুবলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন ভাবে গঠনের দাবি উঠেছে তৃনমূলে। যদিও জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন দাবি করেছেন দুটি কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও কার্যক্রমে ভাটা পরেনি। খোজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে ১৯৯৩ সালের ১৯ নভেম্বর গঠিত হয় বরিশাল জেলা যুবলীগের কমিটি। ওই কমিটির মেয়াদ ১৯৯৬ সালে শেষ হলেও গত ২৩ বছরেও সম্মেলন হয়নি। এই কমিটির সাধারন সম্পাদক ফজলুল করিম শাহীন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। যে কারনে যুবলীগ চলছে নামমাত্র। যদিও যুবলীগ সভাপতি জাকির হোসেন ও সম্পাদক ফজলুল করিম শাহীন এবার বলছেন নতুন কমিটি হওয়া জরুরি। অপরদিকে ২০০৪ সালে গঠিত হয় বরিশাল মহনগর যুবলীগের আহবায়ক কমিটি। ওই কমিটির গঠন প্রাক্কালে শর্ত ছিল ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গতে রুপ দেয়া। কিন্তু সেই সিদ্ধন্ত আজও বাস্তবায়ন হয়নি বা কেউ উদ্যোগও নেয়নি। ফলে শহরের ৩০টি ওয়ার্ড যুবলীগ শাখা কমিটিও আটকে গেছে। ১৬ বছরের বেশি সময় ধরে মহানগর যুবলীগের নেতৃত্বে থাকা নিজামুল ইসলাম নিজাম জানিয়েছেন- কাউন্সিল করার বিষয়টি অবহিত করে কেন্দ্রে তাগিদ দিয়েছেন। এই বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনস বলেন, যুবলীগের কমিটির বিষয়ে হাই কমান্ডে আলোচান হয়েছে। খুব শিঘ্রই কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ নেবে কেন্দ্র। এ বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। তারা নেতাকর্মীদের তালিকা চেয়েছেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলের আগেই যুবলীগের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net