অনলাইন ডেস্ক : গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বিপণন পেশাজীবীদের দিনব্যাপী সম্মেলনে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।
যেকোনো ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বর্ণনা করার সময় ‘ভেজাল’ শব্দের পরিবর্তে ‘নিম্নমান’ শব্দ ব্যবহারে গণমাধ্যম ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত বিপণন পেশাজীবীদের দিনব্যাপী সম্মিলনে এ আহ্বান জানান নূরুল মজিদ। বাংলাদেশ মার্কেটার্স ইনস্টিটিউট (বিএমআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘ভেজাল শব্দটি বিশ্ববাজারে থাকা দেশীয় পণ্যের ক্ষতি করবে। এ অবস্থায় বিদেশি পণ্য বাজার দখল করে নিতে পারে।’ ঈদের সময় খাদ্যে ভেজাল নিয়ে প্রকাশিত প্রতিবেদন ব্যবসার ক্ষতি করেছে বলেও জানান তিনি।
একটি পণ্য নিম্নমানের হতে পারে, তবে ভেজাল নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভেজাল কথাটা খুব খারাপ। এটি ব্যবহার করার আগে দুবার ভাবুন।’
সংশ্লিষ্ট গবেষণাগার বা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত বিবরণ ছাড়াই কোনো ঘোষণা না দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটকে অনুরোধ করেন মন্ত্রী। এ ছাড়া যারা বাংলাদেশি পণ্যের বিরুদ্ধে গুজব ছড়ায়, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply