, ,

রাতারাতি নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি কিংবা রাতারাতি নেতা হয়ে ওঠেননি। দীর্ঘ সময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খান।

নিজের রাজনৈতিক পথচলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই মানুষ তাকে চিনেছে। তিনি সবসময় সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেছেন। একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, ততটুকু রাখার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাশেদ খান বলেন, দেশের স্বার্থে সবাইকে সহনশীল হতে হবে। তবে গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দলটিকে ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাইয়ের আন্দোলনেও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ঐক্যের কথা বলেছেন। পাশাপাশি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যের প্রশ্নে তারা সবসময় সহনশীল ও ধৈর্যশীল আচরণ করেছেন। প্রয়োজনে ছাড় দিতেও তারা প্রস্তুত রয়েছেন।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপি ও জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই স্বাক্ষরিত জুলাই সনদে একমত হয়েছে। সরকার এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

তাই এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা কিংবা কোনো ধরনের শর্ত আরোপের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন রাশেদ খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net