নিজস্ব প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে তারা উপজেলা ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের একটি বাড়িতে গিয়ে র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করলেও স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করে। তবে এর আগে তাদের একচোট গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
আটককৃতরা হলেন- ঝালকাঠি সদর থানার পূর্ব তারুলি গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং ঝালকাঠি পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক মিলনের ছেলে সাইফুল হক লেলিন (৩৪)।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, এই দুই ব্যক্তিসহ আরও বেশ কয়েকজন দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামের প্রবেশ করে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা দুজন কৃষ্ণকাঠী গ্রামের মাইনুল হক দিপুর বাড়িতে গিয়ে র্যাব পরিচয় দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এসময় চলন-বলন সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের আটক করে একচোট পিটুনি দেয়। পরবর্তীতে থানা পুলিশে খবর দিলে একটি টিম গিয়ে তাদের নিয়ে আসে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, এই ঘটনায় ভুক্তোভুগী মাইনুল হক দিপু বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের দুজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply