, ,

শিরোনাম :

গত চার মাসে বরিশাল বিভাগে ৫৪৬ অপমৃত্যু

dynamic-sidebar

এইচ আর হীরা 

বরিশাল বিভাগজুড়ে আত্মহত্যাসহ নানা অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) বিভাগের ছয় জেলায় ৫৪৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যা করেছেন দুই শতাধিক মানুষ। আত্মহননে নারীদের হার তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো।

বরিশাল রেঞ্জ পুলিশের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চার মাসে আত্মহত্যার জন্য গলায় ফাঁস দিয়েছেন ১৩৫ জন, বিষপান করেছেন ৫২ জন এবং অজ্ঞাত কারণে আরও কয়েকটি ঘটনায় মৃত্যু হয়েছে। আত্মহত্যার বাকি ঘটনাগুলোর বেশিরভাগই ‘অপমৃত্যু’ হিসেবে নথিভুক্ত রয়েছে। একই সময় পানিতে ডুবে মারা গেছে ১০৫ জন, বৈদ্যুতিক শক বা শর্টসার্কিটে মারা গেছেন ৩১ জন, ছাদ থেকে পড়ে ৬ জন এবং বজ্রপাতে ৩ জন। অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৮ জন।

জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক অপমৃত্যুর ঘটনা ঘটেছে পটুয়াখালী (১২১ জন), ভোলা (১২৪ জন) ও বরগুনা (৮৫ জন) জেলায়। এছাড়া পিরোজপুরে ৭৮ জন, বরিশালে ৩৫ জন এবং ঝালকাঠিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এসময় বিভাগজুড়ে আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মাত্র ১০টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, আত্মহত্যার শিকারদের অন্তত অর্ধেক মানসিক সমস্যায় ভুগছিলেন। কারও মধ্যে ছিল ক্লিনিক্যাল ডিপ্রেশন, আবার কেউ পারিবারিক কলহ বা আর্থিক চাপে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেন।

বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল বিভাগের মতো বৃহৎ অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবায় রয়েছে চরম ঘাটতি। পুরো বিভাগে বর্তমানে একজন মাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ সরকারি পর্যায়ে কর্মরত রয়েছেন, যা এই পরিস্থিতিতে ভয়াবহ সংকট নির্দেশ করে।

সংশ্লিষ্টদের মতে, আত্মহত্যা একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকট। এর প্রতিরোধে শুধু পরিবার নয়, রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, “মানসিক স্বাস্থ্য উপেক্ষিত থাকায় আত্মহত্যার হার বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, কর্মস্থল সব জায়গায় মানসিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

মানসিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আত্মহত্যা প্রতিরোধে সরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে কাউন্সেলিং সেবা এবং জেলা পর্যায়ে মনোরোগ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net