সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬

কাউনিয়ায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
বরিশাল নগরীর কাউনিয়া ১ম লেন এলাকার একটি ভাড়া বাসায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়েছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম (ফয়েল) উদ্ধার করা হয়। তবে, অভিযানের সময় কাউকে আটক করা হয়নি।

ভাড়াটিয়া রাজন (৩২) পেশায় একজন মুরগি ব্যবসায়ী। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি মাঝে মধ্যে কাউনিয়ায় আসতেন বলে জানান তার স্ত্রী নদী। নদীর বাবার বাড়ি রহমতপুর এলাকায় হলেও বর্তমানে তারা কাউনিয়া ১ম লেনের এক নার্সের বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভাড়া বাসায় গত কয়েকদিন ধরেই নানা ধরনের সন্দেহজনক কার্যকলাপ চলছিল। এমনকি নারী-পুরুষ একত্রিত হয়ে ইয়াবা সেবনের একটি ভিডিও পরে স্থানীয়দের মাঝে। বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন কাউনিয়া থানার এএসআই জসিম উদ্দিন। তার সঙ্গে ছিলেন এসআই হাবিবুর রহমান, এসআই আল মামুন, এএসআই বিপুল বিশ্বাস, উজ্জ্বল মিয়া ও সাদ্দাম হোসেন।

পুলিশ জানায়, “স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এরপর উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে নিয়ে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে বাসায় তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় তল্লাশির পরও মাদকদ্রব্য না মিললেও ওয়াশরুমের প্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা সেবনের ব্যবহৃত ফয়েল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশ পৌঁছানোর আগেই মাদকগুলো ধ্বংস করা হয়।”

অভিযানের সময় রাজন বাসায় উপস্থিত ছিলেন না। নদীর সঙ্গে তার এক দূরসম্পর্কের বোনকে পাওয়া গেলেও তাকেও আটক করা হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net