খবর বরিশাল ডেস্ক ::
গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার হিসেবে বর্ণনা করে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘‘রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, তবে তার মূল মাধ্যম হচ্ছেন এই গ্রাম পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জনগণকে আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে।’’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলায় দিনব্যাপী একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, দুপুরে গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও তাদের সহধর্মীদের জন্য শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন,‘‘ গ্রাম পুলিশদের আরও দক্ষ ও গতিশীল করতে সরকার প্রণোদনা দেওয়ার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। আজ পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়ার মধ্য দিয়ে সেই পরিকল্পনার সূচনা হলো।’’
তিনি জানান, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশের বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নীতি-নির্ধারণী বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি গ্রাম পুলিশদের বিভিন্ন দাবির বার্তা তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
দুপুরে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের দেশপ্রেমের মূল্যবোধ এবং সত্যের প্রতি অনুরাগকে ধারালো করে তোলে। সরকার ক্ষমতায় আসার পর এই ঐতিহ্যকে ধারণ করতেই চলতি বছরটিকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।’’
বিদ্রোহী কবিতার মনস্তাত্ত্বিক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, ‘‘যে কিশোর বা কিশোরী নজরুলকে অনুধাবন করে বিদ্রোহী কবিতা আবৃত্তি করে, তার মনোজগতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটি দৃঢ় মনোভাব তৈরি হয়। পরিণত বয়সে নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এটি তার ব্যক্তিত্বে বড় পরিবর্তন আনে।’’
একই দিন দুপুর দেড়টায় গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্তোরাঁয় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি গৌরনদী কলেজ ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন জহির উদ্দিন স্বপন।
দিনব্যাপী এই সকল অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply