সিআইডি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ
খবর বরিশাল ডেস্ক :
বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি মাদারীপুর সিআইডিতে কর্মরত শাহিন মাঝি, যিনি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুড়া বাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী আলম মাঝি জানান, তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত এসএ দাগ ৪০১ ও বিএস দাগ ১৩৬৮ নম্বরের জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রেখেছেন। কিন্তু গত বছর শাহিন মাঝি রাতের আঁধারে ওই জমি বালু দিয়ে ভরাট করে জোরপূর্বক দখলে নেন। ঘটনাটি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্ত শাহিন মাঝি সেখানে নির্মাণকাজ চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে গত (২২ মে) আদালত পুনরায় ১৮৮ ধারা জারি করলেও তাতেও কর্ণপাত করেননি শাহিন। ভুক্তভোগী আলম মাঝি অভিযোগ করে বলেন, তারা বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালেও তৎক্ষণাত কোনো সহায়তা পাননি।
পরিস্থিতি আরও জটিল হয় যখন গত ১৮ জুন শাহিন মাঝি তার ভাই মাসুম মাঝিকে বাদী বানিয়ে আলম মাঝিসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১০)। অভিযোগ উঠেছে, এই মামলার বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের ভূমিকায় দেখা যায় মামলার তদন্ত অফিসারকে। ভুক্তভোগী পরিবারের দাবি
তদন্ত অফিসার বাদীর সাথে যোগসাজশে মামলা দায়েরের একদিনের মাথায় মামলার ৩নম্বর আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে।
অন্য আরেক ভুক্তভোগী ইব্রাহিম খলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জমি দখল করে এখন উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমার ভাই একজন সম্মানিত শিক্ষক, তাকে এভাবে হেনস্তা করায় আমরা তীব্র প্রতিবাদ জানাই।” তিনি আরও বলেন, “প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনে।”
এবিষয়ে অভিযুক্ত শাহিন মাঝির ভাই মাসুম মাঝির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ফোন কেটে দেন।
এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, “মাসুম মাঝির করা মামলার তদন্তের দায়িত্ব আমাদের থানায় এসেছে। মামলার ৩ নম্বর আসামি শাহ আলম মাঝিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply