শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯

শিরোনাম :

ঢাকা-বরিশাল মহাসড়কে অপসোনিন শ্রমিকদের বিক্ষোভ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক  :
বরিশালে চাকরিচ্যুত অপসো স্যলাইন কারখানার কর্মচারীদের আন্দোলন চরম আকার ধারণ করেছে। টানা আন্দোলনের অংশ হিসেবে শনিবার তারা বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করলে রাজধানীসহ সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

শনিবার সকাল ১১টায় নবগ্রাম রোড চৌমাথা এলাকায় শ্রমিকরা পথসভা করে মহাসড়কের ওপর অবস্থান নেন। দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলা ওই অবরোধে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, কুয়াকাটা ছাড়াও বরিশাল–খুলনা বিভাগের সরাসরি সড়ক পরিবহন ব্যবস্থা অচল হয়ে যায়।

আন্দোলনের প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী ও বিএনপির মহানগর নেত্রী আফরোজা খানম নাসরিন। জানা যায়, অপসো স্যলাইন কারখানার সিরিঞ্জ ইউনিটটি গত তিন বছর ধরে লোকসানে থাকায় গত মাসের শেষে শ্রম আইন অনুযায়ী ৩ মাসের বেতন-ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে তারা অতিরিক্ত আরও ১ মাসের বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা সিদ্ধান্ত মেনে না নিয়ে ১ নভেম্বর থেকে বগুড়া রোডে কারখানার সামনে সড়ক অবরোধ শুরু করে দেন।

 

এরই মধ্যে জেলা প্রশাসকের সভাপতিত্বে শ্রমিক, কোম্পানি কর্তৃপক্ষ ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও শ্রমিকরা প্রশাসনের প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন চালিয়ে যান। ১৫ দিনের অবস্থান কর্মসূচির পর শনিবার তারা মহাসড়কে নামেন।

 

 

চার ঘণ্টার এই অবরোধে নগরীর সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়। পরে পুলিশের অনুরোধে দুপুর সাড়ে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net