খবর বরিশাল ডেস্ক:
বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে বিষপান করে এক নারী অচেতন হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে কীর্তনখোলা নদী সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কে এ ঘটনা ঘটে। পরে পার্কে থাকা দর্শনার্থীদের সহযোগিতায় এবং পুলিশের উদ্যোগে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী পার্কে বসে মোবাইল ফোনে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করেই তিনি বিষপান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং বরিশাল কোতোয়ালি থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ টিম ঘটনাস্থল থেকে জান্নাত নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছা গুড়া গ্রামের সালাম খলিফার মেয়ে জান্নাত আক্তার (২৫)। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে মানসিকভাবে হতাশ হয়ে এ পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়ে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply