এইচ আর হীরা : বরিশাল নগরীতে নিজের আড়াই বছরের শিশুসন্তানের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার সম্মুখীন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি।
অভিযোগকারী মো. অর্ক খান মানাম (২৪) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি থানায় লিখিত আবেদন করেন।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সোহেলী মধুরার সঙ্গে অর্কের বিয়ে হয়। তাদের সংসারে মাহাদী খান আজান নামে প্রায় আড়াই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
অভিযোগে অর্ক উল্লেখ করেন, পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে তার স্ত্রী পরিবারের কাউকে না জানিয়ে বাবার বাসায় চলে যান। এরপর কয়েক দফা তিনি সন্তানের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাকে বাসায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে দাবি করেন।
অর্কের অভিযোগ, স্ত্রীকে ফেরত আনা এবং সন্তানের খোঁজখবর নেওয়ার চেষ্টা করলে তার স্ত্রীর দুলাভাই, ঝালকাঠির অবসরপ্রাপ্ত শিক্ষক আমীর খসরু হীরা তাকে বিভিন্ন লোকজনের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দেয়াচ্ছেন। এ কারণে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কান্নাজড়িত কণ্ঠে অর্ক বলেন, “আমার সন্তানের সঙ্গে দেখা করার সুযোগটুকুও পাচ্ছি না। একজন বাবা হিসেবে সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি শুধু আমার সন্তানের খোঁজ নিতে চাই এবং বিষয়টির ন্যায়সঙ্গত সমাধান চাই।”
তিনি আরও বলেন, “স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা থাকতেই পারে, কিন্তু একজন বাবাকে তার সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা অত্যন্ত কষ্টের। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।” এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমীর খসরু হীরার ব্যবহৃত (০১৭১……….০৮৪) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply