খবর বরিশাল ডেস্ক :
বরিশালের বাবুগঞ্জে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন স্বজনরা। রাকুদিয়া নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা আহতদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় মহাসড়ক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি দল। তারাও উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত বেলায়েত হোসেন জানান, তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তার দাবি, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে চলছিল। পথে স্পিড ব্রেকারে ধাক্কা লাগার পর চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তার মা ও বোন গুরুতর আহত হন। তিনি নিজেও বুকে আঘাত পেয়েছেন বলে জানান।
অন্যদিকে প্রাইভেটকারের চালক মুস্তাকিম বলেন, তিনি ঢাকা থেকে বরিশালের রূপাতলীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি তার গাড়ির সামনে এসে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
আহতদের বিস্তারিত পরিচয় ও সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply