মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৭

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :: 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ দলীয় নেতারা।
সমাবেশে মজিবুর রহমান সরোয়ার বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর দেখানো পথ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে মহানগর বিএনপির উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা বিএনপিও নগরীর অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে পৃথক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে। জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। সমাবেশে জেলা বিএনপির নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, ঢোল ও বাঁশি নিয়ে র‌্যালিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নগরীতে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net